চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য সরোয়ার উদ্দিন আনসারী। রক্তের ব্যবস্থা করা, অসহায় রোগীদের হাসপাতালে সহযোগিতা এবং এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় তিনি।

চট্টগ্রামের সন্তান সরোয়ার ২০২১ সাল থেকে অঙ্গীভূত আনসার হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মব্যস্ততার মধ্যেও জরুরি প্রয়োজনে মানুষের পাশে ছুটে যান তিনি। বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের জন্য রক্তদাতা সংগ্রহে সহযোগিতা করে আসছেন। গত কয়েক মাসে তার উদ্যোগে এক হাজারের বেশি রোগীর জন্য রক্তদাতার ব্যবস্থা করতে সহযোগিতা করা হয়েছে বলে জানা গেছে।

রক্তের ব্যবস্থা করার পাশাপাশি অসহায় রোগীদের হাসপাতালে ভর্তি, চিকিৎসাসংক্রান্ত তথ্য ও প্রাথমিক সহযোগিতাও করেন সরোয়ার। অসুস্থ ও অসহায় মানুষকে উদ্ধার করে খাবার, পোশাক ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার ঘটনাও রয়েছে তার।

citytouch 728-X-90

তার সঙ্গে যুক্ত সরকারি নিবন্ধিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয়, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্যসচেতনতা, শিক্ষা উপকরণ বিতরণ ও অসহায় পরিবারের সহযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সংগঠনটির পক্ষ থেকে সীতাকুণ্ড ও মিরসরাই এলাকায় ৩৬টি এতিম মেয়ের বিয়েতে সহযোগিতা করা হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি মিরসরাইয়ে দুই এতিম বোনের বিয়েতেও সংগঠনটির পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

সরোয়ার উদ্দিন আনসারী বলেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে পারাটাই আমার কাছে বড় প্রাপ্তি। সামর্থ্য অনুযায়ী মানবসেবার এই কাজ ভবিষ্যতেও চালিয়ে যেতে চাই।”

মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে সম্মাননা ও প্রশংসা পেয়েছেন তিনি। তবে স্বীকৃতির চেয়ে মানুষের দোয়া ও ভালোবাসাকেই বেশি গুরুত্ব দেন এই আনসার সদস্য।