আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করা হয়। এর ফলে সেপ্টেম্বর মাসে ১ হাজার ৫৮৫ টাকা থাকা ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ১ হাজার ৮৩৭ টাকায়।
বিইআরসি জানিয়েছে, ১২ কেজির পাশাপাশি ৫, ১২.৫, ১৫, ৩০ ও ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দামও আনুপাতিক হারে বাড়ানো হয়েছে। একই সঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে।
এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে দেশের বাজারে এলপিজির সরবরাহ সংকট দেখা দেয়। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রির অভিযোগও ওঠে। তখন ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারিত ১২ কেজির সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ পাওয়া যায়।
আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম ও পরিবহন ব্যয় বাড়ার প্রভাবকে এ সংকটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফার চেষ্টা করার অভিযোগও ওঠে।
গত কয়েক মাসের হিসাবে, আগস্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা হয়েছিল। সেপ্টেম্বরে তা ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকায় নেমেছিল। এবার অক্টোবর মাসে এক লাফে ২৫২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হলো।










