কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে চট্টগ্রাম রেঞ্জের ৯ জেলায় একযোগে অভিযান চালিয়েছে পুলিশ। টানা ২৪ ঘণ্টার এ অভিযানে মোট ৭২৩ জনকে আটক করা হয়েছে। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ২৩ নেতাকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে।


শনিবার (৩ অক্টোবর) সকাল থেকে রোববার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

citytouch 728-X-90


পুলিশের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আটক করা হয়েছে চট্টগ্রাম জেলা থেকে। সেখানে ২৫৩ জনকে আটক করা হয়। এ ছাড়া কক্সবাজারে ৩৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৭, চাঁদপুরে ১১৯, নোয়াখালীতে ১৭০, ফেনীতে ২৯, লক্ষ্মীপুরে ৪৭, রাঙামাটিতে ৯ এবং খাগড়াছড়িতে ৪৩ জনকে আটক করা হয়েছে।


আটকদের মধ্যে ৬৩১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ৯২ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


এদিকে একই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ৩ জন, কক্সবাজারে ১, কুমিল্লায় ৭, নোয়াখালীতে ১০, রাঙামাটিতে ১ এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।


চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা ও জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।


পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।