আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবারের মতো মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে। বিশ্বকাপজয়ী এই মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় লেখা হবে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বেনিন। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে ৭ অক্টোবর ভোর ৫টায়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সূচিতেও বেনিনের বিপক্ষে ম্যাচটিকে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারণ করা হয়েছে। জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামার জন্য মেসিকে স্কোয়াডেও রাখা হয়েছে।
এই ম্যাচ ঘিরে এরই মধ্যে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মেসির শেষ আন্তর্জাতিক উপস্থিতির সাক্ষী হতে মনুমেন্টালে দর্শকদের ঢল নামার প্রস্তুতিও চলছে। ম্যাচটির টিকিট দ্রুত বিক্রি হয়ে যাওয়ার খবরও এসেছে।
আন্তর্জাতিক ফুটবলে মেসির পথচলা দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ের পর এবার জাতীয় দলের জার্সিতে বিদায়ের পালা তার।
চলমান আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার আরও দুটি ম্যাচ থাকলেও মেসির শেষ ম্যাচ হিসেবে বেছে নেওয়া হয়েছে বেনিনের বিপক্ষে এই লড়াইটিকেই। ফলে ৭ অক্টোবর ভোর ৫টায় বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের চোখ থাকবে বুয়েনস আইরেসের মনুমেন্টালে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি।










