কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে তারকাদের ছবি ও ভিডিও বিকৃত করার ঘটনা নিয়ে ফের সরব হয়েছে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন। এবার অভিনেতা জুনিয়র এনটিআরকে ঘিরে তৈরি একটি বিকৃত ভিডিও নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা।


জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুর অভিনীত ‘দেবরা: পার্ট ১’ সিনেমার জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’র কিছু দৃশ্য বিকৃত করে ওই ভিডিও তৈরি করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজয়।

citytouch 728-X-90

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিজয় ঘটনাটিকে অত্যন্ত নিন্দনীয় বলে উল্লেখ করেন। তার ভাষায়, কাউকে অপমান করে আনন্দ পাওয়ার মানসিকতা চরম অসংবেদনশীলতার পরিচয়। তিনি প্রশ্ন তোলেন, মানুষ কখন থেকে একে অপরের প্রতি এতটা সংবেদনশীলতা হারিয়ে ফেলল।


এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা। তার মতে, প্রযুক্তির অগ্রগতিকে মানুষের কল্যাণে কাজে লাগানোর বদলে কেউ কেউ এর অপব্যবহার করে অন্যের সম্মান ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করছেন।


বিকৃত ভিডিও তৈরির ঘটনাকে ‘ডিজিটাল সেক্সচুয়াল অ্যাসল্ট’ হিসেবেও উল্লেখ করেন বিজয়। যারা এ ধরনের কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


এ ধরনের মানসিকতা তৈরির পেছনে পরিবার, অভিভাবকত্ব ও সামাজিক পরিবেশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বিজয়। একই সঙ্গে এআই প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।


এর আগে ঘটনাটি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন জুনিয়র এনটিআরও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি সবাইকে ওই ভিডিও না দেখার এবং কোনোভাবেই সেটি শেয়ার না করার অনুরোধ জানান।


একই সঙ্গে এআইয়ের অপব্যবহার বন্ধে আরও কঠোর আইন ও বিধি প্রণয়নের আহ্বান জানান এই অভিনেতা। ভিডিওটি তৈরি ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই ছাড় দেওয়ার মতো নয়।


জুনিয়র এনটিআরের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে এবার প্রকাশ্যে পাশে দাঁড়ালেন বিজয় দেবেরাকোন্ডা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।