রাজু তালুকদার, মোংলা-রামপাল প্রতিনিধি:
মোংলায় যাত্রীবাহী পরিবহনের নিচে ইঞ্জিনের চেসিসে লুকিয়ে পাচারের সময় ১২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে এসআরবি-০৬। আটককৃতদের বাড়ি রংপুর সদরে।
এসআরবি-০৬-এর (খুলনা) উপপরিচালক (স্কোয়াড কমান্ডার ও মিডিয়া অফিসার) সৈয়দ ফজলুর রহমান জানান, ঢাকার কাঁচপুর থেকে গাঁজার চালান নিয়ে একটি যাত্রীবাহী পরিবহন বাগেরহাটের মোড়েলগঞ্জ হয়ে মোংলায় আসছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই পরিবহনটিকে নজরদারি করা হয়। এরপর গত রাত ১টার দিকে পরিবহনটি মোংলার ব্রাহ্মণমেঠ এলাকায় পৌঁছালে সেটিকে আটক করা হয়। পরে পরিবহনের চালক, হেলপার ও অপর সদস্যের দেওয়া তথ্যমতে, পরিবহনের পেছনের দিকের চেসিসে লুকিয়ে পাচার করে আনা ৬টি কার্টনে থাকা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় পারভেজ, নুর আমিন ও আমিনুর রহমান নামের চালক, হেলপার ও পাচারকারী চক্রের সদস্যকে আটক করা হয়। এদের সবার বাড়ি রংপুর সদরে। এই পরিবহনে এর আগেও গাঁজা পরিবহন করা হয়েছে বলে আটককৃতরা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় এসআরবি-০৬।








