আবু বক্কর সিদ্দিক, কক্সবাজারঃ
কক্সবাজারে ব্যাটারিচালিত টমটমের ইঞ্জিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সীমা আক্তার কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা। পরিবারের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে সুগন্ধা পয়েন্ট সংলগ্ন একটি হোটেলে অবস্থান করছিলেন সীমা। গতকাল সকালে পরিবারের সদস্যদের সঙ্গে সমুদ্রসৈকতে গোসল করতে যাওয়ার জন্য টমটমে ওঠেন তিনি। পথে হঠাৎ তার পরনের ওড়না টমটমের চলন্ত ইঞ্জিনের সঙ্গে পেঁচিয়ে যায়।
এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের স্বজনরা কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে অবস্থান করছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।








