ভারতের রাজধানী দিল্লিতে নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) চালুর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও সহজ করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

বিশেষ করে ভোরে কিংবা রাতে মেট্রো স্টেশন থেকে বাড়ি বা কর্মস্থলে যাতায়াতের ক্ষেত্রে এসব ই-অটো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে নারীদের জন্য নিরাপদ পরিবহনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগও জোরদার হবে।

দিল্লি সরকারের ঘোষণা অনুযায়ী, ‘দুর্গা ই-অটো’ প্রকল্পের আওতায় বরাদ্দ করা অটোরিকশাগুলোকে বিভিন্ন অ্যাপভিত্তিক যাতায়াত সেবার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ জন্য রাইড-হেইলিং কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার।

citytouch 728-X-90

এই উদ্যোগের অংশ হিসেবে নির্বাচিত নারী ও তৃতীয় লিঙ্গের চালকদের নিবন্ধন বা সাবস্ক্রিপশন ফি মওকুফ করার অনুরোধ জানানো হবে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছে। কোম্পানিগুলো এতে সম্মতি দিলে যাত্রীরা মোবাইল ফোনের অ্যাপ ব্যবহার করে সহজেই এসব গোলাপি ই-অটো ভাড়া করতে পারবেন।

প্রকল্পটির মাধ্যমে নারী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য আয়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি পরিবহন খাতে তাদের অংশগ্রহণ বাড়ানো এবং স্বাবলম্বী হওয়ার পথ সুগম করাও এই উদ্যোগের উদ্দেশ্য।

বিশেষ করে রাতে গণপরিবহনের সংকট কিংবা মেট্রো স্টেশন থেকে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে নারীদের যেসব সমস্যার মুখোমুখি হতে হয়, সেগুলো কমাতে গোলাপি ই-অটো কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্পটির বাস্তবায়ন, অ্যাপভিত্তিক সেবার সঙ্গে সংযুক্তি এবং চালকদের জন্য নির্ধারিত সুবিধাগুলো কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে পরবর্তী পদক্ষেপগুলোর ওপর।