তুরস্কের পশ্চিমাঞ্চলে মহাসড়কে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকালে দেশটির মানিসা প্রদেশের আকহিসার এলাকায় গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের একটি টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকর্মী ও জরুরি সেবার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে আটক করা হয়।

citytouch 728-X-90

দুর্ঘটনার পর বাসটি উল্টে যায় এবং এর পেছনের অংশ দুমড়েমুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কাঠের তক্তা বহনকারী ট্রাকটিও উল্টে যায়। সংঘর্ষের তীব্রতায় যানবাহন দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হয় সংশ্লিষ্ট কর্মীদের।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিহতদের দেশটির নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে নিশ্চিত তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনার পর মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত যানবাহনের ধ্বংসাবশেষ সরানো এবং সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যান।

গভর্নর ওজকান জানান, সরকারি কৌঁসুলির কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ মর্মান্তিক দুর্ঘটনা মহাসড়কে নিরাপদে যানবাহন চালানো এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।