

শ্রীলঙ্কার মন্ত্রীসভার সকল সদস্য পদত্যাগ করার কয়েক ঘণ্টার মধ্যেই শপথ নিলেন নতুন চার মন্ত্রী। সোমবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে শপথবাক্য পাঠ করেছেন তারা। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন মন্ত্রীরা হলেন, শ্রীলঙ্কার অর্থমন্ত্রী হিসেবে বাসিল রাজাপাকসের স্থলাভিষিক্ত হয়েছেন আলি সাবরি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জিএল পেইরিস। এছাড়া দীনেশ গুনবর্ধনে শিক্ষামন্ত্রী ও জনস্টন ফার্নান্দো মহাসড়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছে।
এর আগে দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থা এবং খাদ্য ও জ্বালানি তেলের সংকট পরিস্থিতিতে বিক্ষোভ করছে জনসাধারণ। বিক্ষোভের মুখে দেশটির ২৬ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর নিজের ছেলে নামাল রাজাপাকসেও।
তবে নিজেদের পদ থেকে সড়ে দাড়ায়নি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
মন্ত্রীদের পাশাপাশি পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরাল। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।



