দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে শনিবারই আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ হতে পারে।

citytouch 728-X-90

গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত কাঠামোতে গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর কথা রয়েছে। ২০তম গ্রেডে মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের কথা জানানো হয়েছে।

নতুন কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। এতে প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী সুবিধা পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে গণ্য হবে এবং এটি তিন ধাপে বাস্তবায়নের কথা রয়েছে।

জাতীয় বেতন কমিশন-২০২৫ এর আগে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর সুপারিশ করেছিল। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। সেই সুপারিশ ও পরবর্তী পর্যালোচনার ভিত্তিতেই নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়।

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের বিষয়ে সংশ্লিষ্ট সূত্র দুরবীন নিউজকে জানান, প্রয়োজনীয় ভেটিং ও প্রশাসনিক কাজ শেষ হয়েছে। এখন বিজি প্রেসের ছাপার কাজ সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি চলছে। শনিবার দুপুরের পরই প্রকাশের সম্ভাবনা রয়েছে, তবে চূড়ান্ত সময় সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।