রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকটি গাড়িতে করে পর্যটকদের একটি দল সাজেকের উদ্দেশে যাচ্ছিল। সকালে গাড়িগুলো বাঘাইহাট বাজারে যানজটে আটকে গেলে গাড়ির ভেতর থেকে কয়েকজন রাজনৈতিক স্লোগান দেন। পেছনে থাকা স্থানীয় যাত্রীরা বিষয়টি পুলিশকে জানান।
পরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।
আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম (২৭)।
সাজেক থানার ওসি তৌফাজ্জল হোসেন দুরবীন নিউজকে জানান, আটক ছয়জন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।










