কুষ্টিয়ার কুমারখালীতে পৌর সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক মাহবুবুল আহসান উল্লাস বাংলা টিভির উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। হামলার পর তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার ও তার দেহরক্ষী পরিচয়দানকারী রহুলের নেতৃত্বে একদল ব্যক্তি সাংবাদিক উল্লাসের ওপর হামলা করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার জানান, নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও কাজ চলায় তিনি ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তিনি চলে যাওয়ার পর সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে বলে জানান তিনি।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাগবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। হামলায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যে কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিকরা।










