ছয় মাসের সংঘাতের অবসান ঘটাতে আজ সোমবার থেকে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে শুরু হতে যাওয়া এই আলোচনায় হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে থাকবে।

রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সোমবার বিকেল থেকেই আলোচনা শুরু হবে। তবে বৈঠক কোথায় হবে বা এতে কারা অংশ নেবেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

এর আগে গত শুক্রবার ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তবে পরদিন সেই পরিকল্পনা স্থগিত করে কূটনৈতিক আলোচনায় ফেরার সিদ্ধান্ত নেন।

citytouch 728-X-90

ট্রাম্পের ভাষ্য, আলোচনার মূল লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান এবং হরমুজ প্রণালি ঘিরে চলমান অচলাবস্থার সমাধান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে বিবেচিত হরমুজ প্রণালি নিয়ে দুই দেশের অবস্থানই বর্তমানে সংঘাতের বড় কারণ।

এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে একটি নতুন নৌপথ চালুর বিষয়ে তারা সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে, সম্ভাব্য এই সমঝোতার অর্থ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া নয়।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের মুখপাত্র হাসান ঘাশঘাভি বলেন, মধ্যস্থতাকারীরা জুনে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। তার দাবি, হরমুজ প্রণালির বিষয়টি বর্তমান আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।

অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যেকোনো সমঝোতায় প্রতিপক্ষকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে হবে।

ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দেওয়ার পর সোমবার এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৭২ ডলারে নেমে এসেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ছয় মাসে গড়িয়েছে। এর মধ্যে কয়েক দিনের যুদ্ধবিরতি হলেও পরে তা ভেঙে যায় এবং উভয় পক্ষ আবারও পাল্টাপাল্টি হামলা শুরু করে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।