মক্কার পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়। সৌদি সংবাদমাধ্যম ও হারাম শরিফের সংশ্লিষ্টদের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
শায়খ ইবরাহিম আল-মাদানি মসজিদুল হারামের মুকাব্বারিয়া (আজান ও তাকবিরের স্থান)-এর অন্যতম মুয়াজ্জিন ছিলেন। তিনি হারামের মোট ২৪ জন প্রধান মুয়াজ্জিনের একজন ছিলেন; প্রতিদিন তাদের মধ্য থেকে ছয়জন পাঁচ ওয়াক্ত নামাজ ও প্রথম ফজরের আজান দেওয়ার দায়িত্ব পালন করেন।
তিনি বিশেষভাবে ফজরের আজান, তাকবির এবং ইমামের পেছনে ‘তাবলিগ’ করার জন্য পরিচিত ছিলেন। তাঁর আজান ও তাকবিরের বিভিন্ন অডিও-ভিডিও রেকর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সৌদি আরবের হারামাইনবিষয়ক ধর্মীয় কর্তৃপক্ষের ওয়েবসাইটেও ইবরাহিম বিন আদেল আল-মাদানিকে মসজিদুল হারামের মুয়াজ্জিনদের তালিকায় রাখা হয়েছে।
এর আগে এক সাক্ষাৎকারে নিজের প্রথম আজানের স্মৃতিচারণ করে শায়খ ইবরাহিম বলেছিলেন, কাবা শরিফ তাওয়াফকারীদের তাঁর কণ্ঠে আজান শুনতে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। তাঁর ইন্তেকালের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মুসল্লি ও হারামাইনপ্রেমীদের মধ্যে শোকের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।










