১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির প্রয়োজনে যেকোনো সময় আট দফা দাবি এক দফায় পরিণত হতে পারে। শনিবার (১৯ সেপ্টেম্বর) লংমার্চের বিভিন্ন পথসভা ও জনসভায় তিনি এ কথা বলেন।

বগুড়ার বিমানমোড়ের জনসভায় সরকারের সমালোচনা করে শফিকুর রহমান অভিযোগ করেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা হয়নি। একই সঙ্গে কর্মসংস্থান, দুর্নীতি, চাঁদাবাজি, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও তিনি বক্তব্য দেন।

citytouch 728-X-90

তিনি বলেন, বর্তমান কর্মসূচিতে গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানসহ আটটি দাবি রয়েছে। দাবি বাস্তবায়ন না হলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হতে পারে বলে জানান তিনি।

সিরাজগঞ্জের সলঙ্গায় এক পথসভায় শফিকুর রহমান নেতাকর্মীদের এক দফার আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকার এর মধ্যে আট দফা দাবি মেনে নিলে বিষয়টি সেখানেই শেষ হবে; না হলে এক দফার দাবিতে ঢাকামুখী কর্মসূচি নেওয়ার প্রস্তুতি থাকবে।

১১ দলীয় ঐক্যের এই লংমার্চ শনিবার ঢাকা থেকে শুরু হয়ে গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে যাওয়ার কর্মসূচি রয়েছে। কর্মসূচিতে জোটের নেতারা সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করছেন।