

নিজস্ব প্রতিবেদক:প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা। তাইতো ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের পেছনে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে ক্রেতার সারি। এমন পরিস্থিতিতে পবিত্র রমজান মাসকে সামনে রেখে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী নিত্যপণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকারি এই সংস্থাটি। আগামী ২০ মার্চ থেকে ঢাকা সিটি করপোরেশনের বাইরে শুরু হবে এই কার্যক্রম।
মঙ্গলবার (১৫ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির। তিনি জানান, আগামী ২০ মার্চ থেকে ঢাকা সিটি করপোরেশনের বাইরে সারাদেশে ‘ফ্যামিলি কার্ডে’র মাধ্যমে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে।
টিসিবি সূত্রে জানা যায়, করোনার বিধিনিষেধের সময় সারাদেশের ৩৮ লাখ ৫০ হাজার পরিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ সহায়তা পেয়েছে। এসব সুবিধাভোগীর সঙ্গে নতুন করে আরো ৬১ লাখ ৫০ হাজার পরিবারকে এবার দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’।
এই ফ্যামিলি কার্ডধারী মোট এক কোটি সুবিধাভোগী টিসিবি থেকে সাশ্রয়ী মূল্যে একসঙ্গে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি চিনি , দুই কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি পেঁয়াজ কিনতে পারবে। যেখানে প্রতি লিটার সয়াবিন তেলের দাম নেওয়া হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা। তবে এখনো ছোলার দাম নির্ধারণ করা হয়নি।
রোজার আগে এবং রোজার মাঝে মোট দুই দফায় এসব ফ্যামিলি কার্ডধারীর মাঝে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিনিধিরা (ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলর) ইতোমধ্যে এই কার্ড বিতরণ শুরু করেছেন বলে জানা গেছে।



