হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) বিমানবন্দরে আয়োজিত ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ-২০২৬’ মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি, দক্ষতা ও দ্রুত সাড়ার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তা নির্ভর করে। তাই দায়িত্ব পালনে কোনো শিথিলতা সহ্য করা হবে না।
মন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার উন্নয়নে সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল হতে হবে।
লাগেজ কাটার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে এ ধরনের ঘটনা ঘটছে বলে তার মনে হয় না। অতীতে দু-একটি ঘটনা ঘটে থাকলে সেগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
বিমানবন্দর দিয়ে স্বর্ণপাচার এবং এ ঘটনায় বিমানের কর্মীদের আটকের বিষয়ে তিনি বলেন, নিরাপত্তা জোরদারের কারণে এখন পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি এটিকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতার দিক হিসেবে উল্লেখ করেন।
মহড়ায় একটি উড়োজাহাজের ইঞ্জিন ত্রুটি ও পরবর্তী অগ্নিকাণ্ডের কৃত্রিম পরিস্থিতি তৈরি করে জরুরি উদ্ধার কার্যক্রম অনুশীলন করা হয়। এতে ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিকিৎসাসেবা সংশ্লিষ্ট দলগুলো অংশ নেয়।










