নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলকভাবে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আদালতের বিভিন্ন ভবনের কোর্টরুমে বিচারকার্য পরিচালনা করেন।
এ কারণে প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি এবং মামলার কার্যক্রমে নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, রাতের সময়ে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিরা প্রবেশ করছেন। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে আদালত এলাকায় প্রবেশের সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময়ে জরুরি প্রয়োজনে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে প্রশাসন।










