
রাতভর ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশি অ্যাকশনের পর মঙ্গলবারের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে ঢাকা কলেজ। একই সঙ্গে কলেজের সব শিক্ষককে মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
সোমবার রাতে কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ওয়েবসাইটে বলা হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো। শিক্ষকদের ১৯ এপ্রিল সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে গতকাল সোমবার দিনগত রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট ও আশপাশের ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এসময় ইট-পাটকেলের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পুড়িয়ে দেওয়া হয়েছে মোটরসাইকেল। ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে’’ পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। ওই সংঘর্ষে ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী, ব্যবসায়ী ও পুলিশ আহত হয়েছেন বলে বিভিন্নসূত্রের দাবি।
এদিকে, মধ্যরাতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির হামলার প্রতিবাদে ৩ দফা দাবিতে সকাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। এতে নিউমার্কেট থেকে মিরপুর রোড দিয়ে যানচলাচল বন্ধ রয়েছে।


