

কর্মকর্তাদের প্রভু না হয়ে জনগণের পাশে থেকে কাজ করার পরামর্শ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা যখন কর্মস্থলে যোগদান করি তখন নিজেকে জনগণের ভৃত্য মনে করি কিন্তু যোগদানের পরে নিজেকে প্রভু মনে করি। এ আচরণ আমাদের শোভা পায় না। আমাদের অন্তর দিয়ে জনগণের পাশে থাকা জরুরি।
জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে তৈরি হওয়া নানাবিধ সমস্যাসমূহ নিরসনের উপায় নির্ধারণ শীর্ষক কর্মশালায় তিনি এমন মন্তব্য করেন।মঙ্গলবার (২৯ মার্চ) সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনিস্টিটিউটে এক কর্মশালার আয়োজন করে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ।
সিইসি আরও বলেন,‘আমাদের নৈতিক অধপতন হয়েছে। যার ফলে আমাদের সবকাজে তদবির প্রয়োজন হচ্ছে। আমদের এ জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।’
'
জাতীয় পরিচয়পত্র সকলের জন্য অপরিসীম উল্লেখ করে সিইসি বলেন, এনআইডিতে ভুল হতে পারে তবে কারেকশনের জন্য গ্রাহককে সময় দিতে হবে। কেননা আমাদের সংশোধনীর জন্য কিছুটা যাচাই-বাছাই প্রয়োজন আছে। তবে কেউ যেন হয়রানির স্বীকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।
মিটিংয়ে তিনি এনআইডির গুরুত্ব তুলে ধরেন।
ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও চারজন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।



