নেত্রকোনার দুর্গাপুরে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাবা-মেয়েকে আটক করা হয়েছে। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় জলিল আকন্দের বাড়িতে অভিযান চালায় দুর্গাপুর থানা পুলিশ। অভিযানে আটক দুজন হলেন শফিকুল ইসলাম (৫৬) ও নাজমুন নাহার খানম তামান্না (২৩)। তারা সম্পর্কে বাবা-মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) বাগিচাপাড়া এলাকায় মাদক পাচারে ব্যবহৃত একটি বিশেষভাবে কাস্টমাইজ করা মিনি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটিতে গোপনে মাদক পরিবহনের জন্য বিশেষ কেবিন তৈরি করা ছিল। ওই ঘটনার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ জানতে পারে, জলিল আকন্দের বাড়িতে বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে।
খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বাড়িটিতে অভিযান চালিয়ে একটি সন্দেহজনক কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের ভেতরে লুকিয়ে রাখা ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বাড়ির মালিক জলিল আকন্দ পালিয়ে যান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, আগের দিন জব্দ করা কাস্টমাইজ করা মিনি ট্রাকটির সূত্র ধরেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাড়িতে জলিল আকন্দের স্ত্রী ও শ্বশুর উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দুজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে পলাতক জলিল আকন্দকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।










