বলিউডের জনপ্রিয় প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালাকে দেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকের দাবি, সুফিয়ানের চেহারা ও স্টাইলে ৯০-এর দশকের সালমান খানের মিল খুঁজে পাওয়া যাচ্ছে।
সম্প্রতি মুম্বাইয়ে একটি সিনেমার বিশেষ প্রদর্শনীতে বাবা সাজিদ নাদিয়াদওয়ালা ও মা ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার সঙ্গে হাজির হন সুফিয়ান। অনুষ্ঠানের প্রবেশপথে সালমান খানের সঙ্গেও তার দেখা হয়। এরপর দুজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই সুফিয়ানের লুক নিয়ে তুলনা শুরু করেন নেটিজেনরা।
সামাজিক মাধ্যমে কেউ সুফিয়ানকে সালমান খানের ‘ইয়াংগার ভার্সন’ বলে মন্তব্য করেছেন। আবার কেউ তাকে ‘৯০-এর দশকের সালমান খান’ বলেও উল্লেখ করেছেন। একজন মজা করে লিখেছেন, সুফিয়ানকে নাকি সালমান খানের চেয়েও বেশি সালমান খানের মতো মনে হচ্ছে।
সুফিয়ানকে ঘিরে এমন আলোচনা অবশ্য নতুন নয়। চলতি বছরের এপ্রিলেও তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একই ধরনের মন্তব্য করেছিলেন নেটিজেনরা।
সুফিয়ান সাজিদ নাদিয়াদওয়ালা ও ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার ছোট ছেলে। তার বাবা বলিউডের পরিচিত প্রযোজক এবং সালমান খানের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত। তবে সুফিয়ান ভবিষ্যতে বাবার পথ অনুসরণ করে বলিউডে অভিনয়ে আসবেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।










