সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী ও গায়িকা শেহতাজ মনিরা হাশেমের দাম্পত্যজীবনের ইতি ঘটছে। পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রোববার রাতে পৃথক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন দুজনই।
প্রীতম জানান, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয়; নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এ সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
শেহতাজও প্রায় একই বক্তব্য দিয়ে একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতা জানান। প্রীতমের প্রতি তার সম্মান ও শুভকামনা সব সময় থাকবে বলেও জানান তিনি।
দুজনই বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেলে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রীতম ও শেহতাজ।










