ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্টের জন্য যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স ল চেম্বার কোনো আবেদন করেনি বলে দাবি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি বলেন, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) প্রয়োজনীয় নথিপত্র দ্রুত সম্পন্ন করার প্রক্রিয়া সম্পর্কে পরামর্শ চেয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে। এটি কোনো আবেদন নয়।

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশির মনির এসব কথা বলেন।

তিনি জানান, ভারতে অবস্থানরত শেখ হাসিনার পক্ষে ম্যাট্রিক্স ল চেম্বারের আইনজীবী স্টিভেন কেসি বাংলাদেশ হাইকমিশনে ই-মেইলটি পাঠিয়েছেন। এতে পাসপোর্ট ও এনআইডি পাওয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে।

শিশির মনির বলেন, ই-মেইলটিকে পাসপোর্টের আবেদন হিসেবে দেখার সুযোগ নেই। কেউ পাসপোর্টের আবেদন করলে তা আনুষ্ঠানিক আবেদন হিসেবেই করবেন। কিন্তু ম্যাট্রিক্স ল চেম্বার মূলত প্রয়োজনীয় নথিপত্র ও প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে পরামর্শ চেয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়েছিল। বাংলাদেশের পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১০ অনুচ্ছেদ এবং পাসপোর্ট বিধিমালা, ১৯৭৪-এর ১১ বিধি অনুযায়ী, পাসপোর্ট বাতিল হলে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পরিবর্তে বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হয়। তবে শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের কোনো আপিল করা হয়নি বলে জানান তিনি।

শিশির মনিরের ভাষ্য, পাসপোর্ট বাতিলের বিরুদ্ধে আপিল করা একটি আইনি পদক্ষেপ। কোনো পলাতক আসামি আইনের অধীনে এ ধরনের প্রতিকার চাইতে পারেন কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁর মতে, আইনের অধীনে কোনো অধিকার দাবি করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে।

ম্যাট্রিক্স ল চেম্বারের অন্যান্য কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন শিশির মনির। তিনি বলেন, প্রতিষ্ঠানটি জেনেভায় বাংলাদেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতেও (আইসিসি) একটি অভিযোগ দাখিল করেছে। ওই অভিযোগে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিযোগ তোলা হয়েছে।

শিশির মনিরের মতে, এসব কার্যক্রম পর্যালোচনা করলে মনে হয়, ম্যাট্রিক্স ল চেম্বারকে শুধু আইনি কাজের জন্য নয়, কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যও নিয়োগ দেওয়া হয়েছে।