নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অবস্থিত জামিয়া আশরাফিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে মাদরাসা কর্তৃপক্ষের হাতে নগদ এক লাখ টাকা অনুদান দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। একই সঙ্গে মাদরাসার পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ভবিষ্যতেও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংগঠনটির নেতারা।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মুফতি মিজানুর রহমান সাঈদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জামিয়া আশরাফিয়া পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, কেন্দ্রীয় নেতা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী ও মুফতি উমর ফারুক ইবরাহীমীসহ অন্য নেতারা।

পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা মাদরাসার সার্বিক পরিস্থিতি ও অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন। তাঁরা মাদরাসার দায়িত্বশীল শিক্ষকদের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় মাদরাসা কর্তৃপক্ষের হাতে এক লাখ টাকা অনুদান তুলে দেওয়া হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের নেতারা বলেন, দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতির ঈমান-আমল, নৈতিকতা ও দ্বীনি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জামিয়া আশরাফিয়ার মতো একটি প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এমন দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো নৈতিক ও দ্বীনি দায়িত্ব। দ্রুত ক্ষয়ক্ষতি কাটিয়ে মাদরাসাটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু হোক, সেটিই তাঁদের প্রত্যাশা।

তাঁরা আরও বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সংকটের সময়ে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানান তাঁরা।

এ সময় জামিয়া আশরাফিয়ার অধ্যক্ষসহ প্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষকরা উপস্থিত ছিলেন।