টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হলেও তা কোনো সম্মান বয়ে আনে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এক শ্রমিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার দাবি, যুগে যুগে শ্রমিকরা অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়েছেন। তাই যেকোনো অশুভ শক্তির বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, গণভোটের মাধ্যমে পাওয়া গণরায় বাস্তবায়নে টালবাহানা করা হচ্ছে। তার ভাষায়, গণরায়কে অস্বীকার করা মানে দেশের জনগণের রায়কে অস্বীকার করা।

citytouch 728-X-90

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘দেশের অবস্থার কোনো পরিবর্তন হয়নি’ মন্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, নৈতিক অবস্থান থেকে বিএনপির ক্ষমতায় থাকার সুযোগ নেই।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, চাঁদাবাজদের কারণে শ্রমিকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। তিনি শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের অন্যায় থেকে বিরত থাকতে হবে এবং কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

সম্মেলনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা আতিকুল ইসলাম বলেন, সড়ক পরিবহন খাতের সব অপরাধের দায় শ্রমিকদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। অতীতের মতো এ খাতে নতুন কোনো মাফিয়া চক্র গড়ে উঠতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, শ্রমিকদের ওপর কোনো ধরনের জুলুম-নির্যাতন মেনে নেওয়া হবে না। একই সঙ্গে বাস ও ট্রাক টার্মিনালের নিয়ন্ত্রণ কোনো বিশেষ গোষ্ঠীর হাতে চলে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।