লিওনেল স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা জাতীয় দলের নতুন চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। ফলে বিশ্বকাপজয়ী এই কোচের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে তাঁর সম্ভাব্য উত্তরসূরি নিয়ে শুরু হয়েছে আলোচনা। সেই তালিকায় এবার নিজের নামও সামনে আনলেন আর্জেন্টাইন কোচ আন্তোনিও মোহামেদ।

মেক্সিকোর ক্লাব তোলুকার দায়িত্বে থাকা ৫৬ বছর বয়সী এই কোচ জানিয়েছেন, সুযোগ পেলে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

লা রেদকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহামেদ বলেন, দীর্ঘ সময় ফুটবলের সঙ্গে থাকার পর জাতীয় দলের মতো বড় দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখা স্বাভাবিক। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, চার দশক ধরে ফুটবলের সঙ্গে যুক্ত তিনি। এর মধ্যে দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন কোচ হিসেবে।

citytouch 728-X-90

আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বকে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায় হিসেবেও দেখেন মোহামেদ। তাঁর ভাষায়, জাতীয় দলই ফুটবলের সর্বোচ্চ জায়গা এবং তিনি নিজেও আর্জেন্টিনা জাতীয় দলের সমর্থক।

২০০৩ সালে মেক্সিকোর জাকাতেপেকে কোচিং ক্যারিয়ার শুরু করেন মোহামেদ। এরপর মেক্সিকো, আর্জেন্টিনা, স্পেন ও ব্রাজিলের একাধিক ক্লাবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আর্জেন্টিনার ক্লাব ফুটবলেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। তাঁর কোচিংয়ে হুরাকান ২০০৭ সালে প্রথম বিভাগে উন্নীত হয়। পরে দেশটির কোলন ও ইন্দেপেন্দিয়েন্তের দায়িত্বও পালন করেন। ইন্দেপেন্দিয়েন্তের হয়ে ২০১০ সালে কোপা সুদামেরিকানা জেতেন তিনি।

ক্লাব পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে মোহামেদের ঝুলিতে রয়েছে ১৪টি শিরোপা। এর মধ্যে কোপা সুদামেরিকানা ছাড়াও রয়েছে মেক্সিকোর বিভিন্ন ঘরোয়া শিরোপা, ব্রাজিলের সুপার কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ ও লিগস কাপ।

তোলুকার সঙ্গে তাঁর সাফল্যও উল্লেখযোগ্য। ২০১৪ সালের শেষ দিকে ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর দেড় বছরের কিছু বেশি সময়ে ছয়টি ট্রফি জেতেন মোহামেদ। এই সাফল্যের কারণে তোলুকার ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবেও স্বীকৃতি পান তিনি। তাঁর সর্বশেষ শিরোপা আসে ২০১৬ সালের লিগস কাপে, যেখানে ফাইনালে মনতেররেইকে হারায় তোলুকা।

স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার নতুন চুক্তি হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তবে পরিস্থিতি বদলালে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার জন্য নিজের প্রস্তুতির কথা স্পষ্ট করেই জানিয়ে রাখলেন আন্তোনিও মোহামেদ।