বিদেশে ভ্রমণের সময় মোবাইল ইন্টারনেট ব্যবহার সহজ করতে ট্রাভেল ই-সিম সেবা আনছে হোয়াটসঅ্যাপ। অ্যাপ থেকেই গন্তব্য অনুযায়ী ই-সিম ডেটা পরিকল্পনা খোঁজা, কেনা এবং ফোনে বসানোর সুযোগ মিলবে। অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড সংস্করণ ২.২৬.৪৭.১০-এর অ্যাপ কোডে ভ্রমণ ই-সিম সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

এই সুবিধার সবচেয়ে আকর্ষণীয় দিক হতে পারে স্বয়ংক্রিয় সক্রিয়করণ। ব্যবহারকারীরা ভ্রমণের আগেই ফোনে ই-সিম বসিয়ে রাখতে পারবেন; গন্তব্য দেশে পৌঁছে ফোন স্থানীয় মোবাইল নেটওয়ার্ক শনাক্ত করলেই ডেটা পরিকল্পনা সক্রিয় হয়ে যেতে পারে। আঞ্চলিক ও আন্তর্জাতিক দুই ধরনের ডেটা পরিকল্পনার বিকল্প থাকতে পারে; নির্দিষ্ট পরিমাণ ডেটার পাশাপাশি সীমাহীন ডেটা পরিকল্পনাও পাওয়া যেতে পারে।

অ্যাপের ভেতরেই দেখা যাবে প্রতিটি পরিকল্পনায় কতটা ইন্টারনেট অবশিষ্ট আছে, কোন প্যাকেজের মেয়াদ শেষ হয়েছে আর কোনটি শেষ হওয়ার পথে; ডেটা ফুরিয়ে আসার আগেই সতর্কবার্তাও মিলতে পারে। তবে সেবাটি ব্যবহারের জন্য অ্যানড্রয়েড ফোনে ই-সিম সমর্থন, হালনাগাদ অপারেটিং সিস্টেম ও পর্যাপ্ত জায়গা থাকা জরুরি; নির্দিষ্ট সেবাদাতার নেটওয়ার্কে লক করা ফোনে এটি বসানো সম্ভব নাও হতে পারে।

উল্লেখ্য, ঢাকা মেইলের প্রতিবেদনে বলা হয়েছিল হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তবে এরপর হোয়াটসঅ্যাপ প্রধান কুনাল শাহ সেবাটি নিশ্চিত করেছেন। জিও, স্মার্ট অ্যাক্সিয়াটা, স্মার্ট কমিউনিকেশনস ও ভেরাইজনসহ অংশীদারদের মাধ্যমে নির্বাচিত দেশগুলোতে শিগগিরই এটি চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোন দেশে কবে, আর ডেটা পরিকল্পনার খরচ কত হবে সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।