রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন অটোরিকশাচালকরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর কয়েকশ চালক সড়কে অবস্থান নিলে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
অবরোধে অংশ নেওয়া চালকরা জানান, অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, চলাচলে বাধা এবং পুলিশের হয়রানির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলেও জানান তারা।
চালক মিল্লাদা মিয়া বলেন, অটো চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদসহ কয়েকটি দাবিতে তারা সড়কে নেমেছেন। আরেক চালক সুমন অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ অটোরিকশা আটক করে ডাম্পিং করে এবং মামলা দেয়। এসব হয়রানি বন্ধের দাবি জানান তিনি।
চালকদের আরও দাবি, যেসব সড়কে অটোরিকশা চলাচলের অনুমতি রয়েছে, সেখানে তাদের চলাচলের সুযোগ দিতে হবে। অবৈধভাবে অটোরিকশা চলাচল করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলেও হয়রানি বন্ধ করতে হবে বলে দাবি তাদের।
এদিকে অবরোধের প্রভাবে সকাল থেকেই রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কমে গেছে। ফলে এসব এলাকাতেও যাত্রীদের ভোগান্তি তৈরি হয়েছে।
রমনা বিভাগের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, পুলিশের ফোর্স সতর্ক অবস্থানে রয়েছে। অটোরিকশাচালকদের সমাবেশ থেকে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।










