বাগেরহাটের চিতলমারী উপজেলার ১ নম্বর বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবন দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এরই মধ্যে ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে এক কর্মী আহত হওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার জন্য হেলমেট পরে অফিসের কাজ করছেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের অনেকে।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, গত রোববার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী আয়া সবিতা রানীর মাথায় ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে তিনি আহত হন। ঘটনার পর থেকেই ভবনে কর্মরতদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ ভবনের প্রায় প্রতিটি কক্ষের ছাদ ও দেয়ালের বিভিন্ন অংশের অবস্থা নাজুক। কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ মাথায় হেলমেট পরে কাজ করছেন। সেবা নিতে আসা সাধারণ মানুষও ভবনের ভেতরে প্রবেশ করতে ভয় পাচ্ছেন।

citytouch 728-X-90

বড়বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ সরদার বলেন, ভবনটির অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল। এর আগে কয়েকবার পলেস্তারা খসে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বলেন, জায়গা স্বল্পতার কারণে বর্তমান স্থানে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হচ্ছে না। পুরোনো ভবন সংস্কারের জন্য জরুরি ভিত্তিতে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা হবে।

এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবনটির নিরাপত্তা ঝুঁকি নিরসন এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।