সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির নিজের আয়, আর্থিক স্বচ্ছতা, বিলাসবহুল জীবনযাপন ও রাজনৈতিক সংযোগ নিয়ে কথা বলেছেন। সোমবার (৫ অক্টোবর) অনলাইন টকশো ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’-এ অতিথি হয়ে এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

নিজের আয়ের উৎস সম্পর্কে সালমান বলেন, গত ১২ বছর ধরে দেশের শীর্ষস্থানীয় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করছেন তিনি। তার দাবি, এসব কাজ থেকেই অর্জিত তার আয়ের পুরোটাই ‘সাদা’ এবং কোনো রাজনৈতিক দল, প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী তাকে অর্থায়ন করে না।

বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্নের প্রসঙ্গে সালমান বলেন, দীর্ঘ সময় ধরে কাজ করেই তিনি বর্তমান অবস্থানে এসেছেন। তার ভাষ্য, মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজের উপার্জনের অর্থে ভালো গাড়ি বা উন্নত জীবনযাপন করার অধিকার তারও রয়েছে।

citytouch 728-X-90

আর্থিক উৎস নিয়ে বিভিন্ন মহলে সন্দেহ প্রকাশ ও প্রশাসনের পক্ষ থেকে নজরদারির প্রসঙ্গেও ক্ষোভ জানান তিনি। সালমানের দাবি, তার সাফল্যের পেছনে ব্যক্তিগত শ্রম, মেধা ও পেশাদারিত্বই মূল ভূমিকা রেখেছে। কোনো রাজনৈতিক সংযোগের মাধ্যমে তার আয় হয়নি বলেও স্পষ্ট করেন তিনি।

আলোচনায় নিজের জীবনযাপন সম্পর্কে সালমান বলেন, তিনি কেবল অর্থ উপার্জনকে লক্ষ্য হিসেবে দেখেন না। বরং সৃজনশীল কাজের মান ধরে রাখা এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকে গুরুত্ব দেন। তার বর্তমান স্টুডিও ও জীবনযাপনের অবকাঠামো দীর্ঘ সময়ের পেশাগত অর্জনের ফল বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় স্টুডিওর সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি ও মালামাল ক্ষতিগ্রস্ত ও লুটের অভিযোগ ওঠে।

পুলিশের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সবশেষ সোমবার মাগুরা থেকে বিকাশ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।