ফরিদপুরের সালথা উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ খান রাজ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে আসেন। তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফিরোজ খান রাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে।