পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে তার প্রতিবেশী নরেশ বিশ্বাস (২৪) নামে এক নাপিতকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, আটক নরেশ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী এবং একটি বিস্ফোরক মামলার পলাতক আসামি।

মঙ্গলবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে একই দিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়দের দাবি, নরেশ পেশায় একজন নাপিত এবং রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে কখনো রাজনৈতিক মিছিল, সভা বা সমাবেশেও দেখা যায়নি বলে জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের সদর ইউনিয়ন শাখার সভাপতি সুকেশ বিশ্বাস সম্প্রতি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সম্প্রতি তার সুস্থতা কামনায় প্রতিবেশী নরেশের বাড়িতে প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেন সুকেশসহ কয়েকজন ছাত্রলীগ নেতা। ওই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর পুলিশ সুকেশকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। তবে তিনি পালিয়ে যেতে সক্ষম হন। এ সময় তাকে না পেয়ে প্রতিবেশী নরেশকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, নরেশ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তিনি অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল হামলার মামলার পলাতক আসামি। এ কারণে তাকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত বছরের মে মাসে বিএনপিকর্মী ময়ছের আলী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।