পলাতক নেত্রীর দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, স্বৈরাচারের কিছু প্রেতাত্মা এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের বীজ দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে ‘ডিসি গোল্ড কাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এ টুর্নামেন্টের আয়োজন করে।
আমিনুল হক বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশে নতুন গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। যারা পলাতক স্বৈরাচার নেত্রীর দেশে ফেরার স্বপ্ন দেখছেন, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না। কোনো অন্যায়কারী ও বিশৃঙ্খলাকারীকে প্রশ্রয় দেওয়া হবে না।
বিগত সরকারের সমালোচনা করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ওই সরকারের আমলে অনেক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করে জীবনযাপন করছেন। রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীদের শরীরে এখনো নির্যাতনের ক্ষত রয়েছে।
আগামী প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তরুণদের মননশীল, ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ করে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের রাষ্ট্রীয় সহযোগিতায় প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
তিনি আরও জানান, ‘নতুন কুঁড়ি’র প্রথম আসরে ৩০৬ জন খেলোয়াড়ের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করা হবে। আগামী জানুয়ারি থেকে তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় দায়িত্ব সরকার গ্রহণ করবে।
মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি এবং শিশু-কিশোরদের মোবাইল আসক্তি কমানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের অংশগ্রহণও বাড়ছে। আগামী প্রজন্মকে ডিভাইসের আসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলাকে আরও এগিয়ে নিতে হবে। খেলোয়াড়দের পেশাদার ক্যারিয়ার শেষে কর্মসংস্থানের ব্যবস্থাও সরকার করবে।
ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে উন্নয়ন কার্যক্রম শেষ করার লক্ষ্য রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের মাঠগুলোর তথ্য সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সেগুলো খেলার উপযোগী করে তোলা হবে।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাঠমুখী করা এবং তৃণমূল পর্যায় থেকে দক্ষ খেলোয়াড় তৈরি করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় রানীনগর উপজেলা ২-১ গোলে মান্দা উপজেলাকে পরাজিত করে।
জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









