নওগাঁয় আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে জেলা নিষিদ্ধ ছাত্রলীগের দুই সহ-সভাপতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক ওয়ার্ড সহ-সভাপতি রয়েছেন।
মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি একরামুল বারী ডলার (২৬) ও শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি শিশির (৫৫)।
পুলিশ জানায়, একরামুল বারী ও শাহানুর নেওয়াজকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশিরকে গ্রেফতার করা হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু জানান, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে সোমবার রাত ১টার দিকে শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে পাশাপাশি দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাস দুটির দৃশ্যমান প্রায় সব অংশ পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।
বাসমালিক মো. সাগির আহমেদ জানান, দুটি বাসেরই প্রায় সমান ক্ষতি হয়েছে। প্রতিটি বাসে ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৩২ লাখ টাকা। বাস দুটি মেরামত করে পুনরায় সড়কে নামাতে দুই থেকে তিন মাস সময় লাগতে পারে।









