মানিকগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসে আগুন দেওয়ার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে এসব নাশকতার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি, ঘিওর বাসস্ট্যান্ড, ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া, ধলেশ্বরী সেতু, জাগীর সবজির আড়ত ও নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

একই রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা পুলিশ চারজনকে গ্রেফতার করে। তারা হলেন সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খলিল বিশ্বাস (৩৩), ছাত্রলীগকর্মী আজিজুল হক (২৮), জাগীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু (৪৫) এবং জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সজল (২৪)।

এ ছাড়া সিংগাইর থানা পুলিশ চান্দহর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহম্মেদ (২৯), হরিরামপুর থানা পুলিশ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি শেখ রিফাত (২১) এবং শিবালয় থানা পুলিশ আরুয়া ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৩৫) ও ধর্মবিষয়ক সম্পাদক আরশেদ আলীকে (৫৫) গ্রেফতার করে।

অন্যদিকে, ঘিওর থানা পুলিশ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল মণ্ডল (৪৫) ও পয়লা ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজালকে (৪৮) গ্রেফতার করে। দৌলতপুর থানা পুলিশ গ্রেফতার করে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেনকে (২৬)।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার তদন্ত এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।