পিরোজপুরের কাউখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ও এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করেন শিক্ষক লিটন চন্দ্র পাল। পরিবারের অভিযোগ, টিফিনের বিরতির সময় লাইব্রেরিতে নিয়ে ওই শিক্ষক ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন এবং জড়িয়ে ধরে আটকে রাখেন।
এ ঘটনায় শিক্ষার্থীর মা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন জমা দেন। এতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিবিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
অন্যদিকে, পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমানের বিরুদ্ধে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। এ ঘটনায় পরিচালিত প্রাথমিক তদন্তেও অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে তাকেও সাময়িক বরখাস্ত করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, পৃথক দুটি অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারি করে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা পৃথক অফিস আদেশে দুই শিক্ষকের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।









