সিলেট নগরীর বটেরতল এলাকায় রাজভি (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহ ও আর্থিক সংকটের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাত ১টার দিকে নগরীর বটেরতল এলাকার নিজ বাসার একটি কক্ষ থেকে রাজভির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজভি একটি সুপারশপে চাকরি করতেন। তার মা-বাবা ও বোন যুক্তরাজ্যে বসবাস করেন। এক তরুণীকে ভালোবেসে বিয়ে করার পর থেকে তিনি স্ত্রীকে নিয়ে বটেরতলের বাসায় থাকতেন। তবে স্বল্প আয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।

ঘটনার দিন রাতে স্ত্রী একটি দাওয়াতে গেলে রাজভি তাকে ফোন করে আত্মহত্যার কথা জানান। বিষয়টি জানার পর তার স্ত্রী দ্রুত রাজভির চাচাকে অবহিত করেন। পরে বাসায় ফিরে স্বজনদের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। এ সময় রাজভিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

শাহপরাণ থানার উপপরিদর্শক জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।