রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় নুরনবী ইসলাম নামে এক শিক্ষার্থীকে সাপে কামড় দিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হলের ১৩৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
নুরনবী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কামড়ের পর তাকে প্রথমে রাবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং অ্যান্টিভেনম দেওয়া হয়েছে।
নুরনবীর রুমমেট হাবিবুর রহমান জানান, সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে নুরনবী ঘুম থেকে উঠে চিৎকার করেন। পরে তারা কক্ষে সাপটি দেখতে পান। সাপটি কালাচ বলে ধারণা করছেন তারা। এর আগেও হলের বিভিন্ন কক্ষে সাপ ঢোকার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।
হলের শিক্ষার্থীদের অভিযোগ, আগেও সাপ ঢোকার বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে। একই ধরনের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আল-আমিন সরকার বলেন, সাপ প্রতিরোধে এর আগে ঘাস পরিষ্কার, সার্কেল দেওয়া ও ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছিল। এরপরও পাঁচতলায় সাপ পাওয়ায় তারা উদ্বিগ্ন। কীভাবে সাপটি কক্ষে ঢুকেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এখন আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ এইচ এম খুরশীদ আলম জানিয়েছেন, নুরনবীর অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং প্রয়োজনে চিকিৎসার জন্য আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তার চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করছে।









